খালেদা জিয়া আন্দোলনের ডাক দিলে সরকারের পতন হবে: হাফিজ

 
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘বিএনপি এখন দল গোছাতে ব্যস্ত। নেতাকর্মীরা অপেক্ষায় আছেন। খালেদা জিয়া দেশে ফিরে এসে আন্দোলনের ডাক দেবেন। তিনি আন্দোলনের ডাক দিলে অল্প দিনের মধ্যেই এ সরকারের পতন হবে।’
 
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কারাবন্দি নে‍তাকর্মীদের মুক্তি দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
 

বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং আইন ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে উল্লেখ করে বিএ‍নপির এ নেতা সরকারের উদ্দেশে বলেন, আপনারা বিএনপিকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, আমাদের চেয়ারপারসনকে নিয়েও ইতোমধ্যে বাচাল মন্ত্রীরা বলে দিয়েছেন তার কী শাস্তি হবে। এ দিন দিন নয়, আরও দিন আছে। বিএনপির ভদ্রতাকে আপনারা দুর্বলতা ভাববেন না। বিএনপি জনসমর্থনপুষ্ট অত্যন্ত শক্তিশালী একটি দল।’