প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আগামী পৌরসভা নির্বাচনে তার দল জাতীয় পার্টি প্রতিটি পৌরসভায় প্রার্থী দেবে। এ লক্ষে স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে পৌরসভা নির্বাচনে প্রার্থী ঠিক করা হবে।
সোমবার রংপুরের দর্শনা এলাকায় তার ‘পল্লী নিবাস’ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘বাংলাদেশে আইএস-এর কোনো উপস্থিতি নেই। তাদের এখানে কোনো কাজ নেই। ওদের সৃষ্টি করেছে পশ্চিমা শক্তিগুলো। তারাই তাদের অস্ত্র- গোলা- বারুদ দিয়েছে। আজ তারাই আইএস-এর বিরুদ্ধে কথা বলছে।’
তিনি বলেন, ‘পশ্চিমা শক্তিগুলো আইএস সৃষ্টি করেছিলো মূলত শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আজ সেই আইএস এখন সারা বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।’
খালেদা জিয়া দেশে আসলেই গ্রেফতার হতে পারেন উল্লেখ করে এরশাদ বলেন, ‘তার বিরুদ্ধে এতিমদের টাকা আত্মসাতের মামলাটি প্রমানিত। সে কারণে আমার ধারণা খালেদা জিয়া আপাতত দেশে আসবেন না।’
এর আগে এরশাদ ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে দুপুরে নগরীর দর্শনা এলাকায় তার পল্লী নিবাস বাসভবনে পৌঁছালে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানান।