মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর করা আপিল আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, মঙ্গলবারের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য ৪ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ আপিল মামলার শুনানি শুরু হয়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
ওইদিন শুনানি শুরুতে মামলার পেপারবুক থেকে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ উপস্থাপন করা হয়। এরপর নিজামীর বিরুদ্ধে আনা প্রথম অভিযোগের পক্ষে তিন সাক্ষীর বক্তব্য পেপারবুক থেকে উপস্থাপন করা হয়। নিজামীর আপিল মামলার শুনানিতে আগামীকাল যথারীতি এ মামলার পেপার বুক উপস্থাপন শুরু হবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান।
২০১৪ সালের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ২৩ নভেম্বর আপিল দায়ের করেন তিনি।
খবর বাসসের।