কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীর প্রশংসায় নওয়াজ শরিফ

 
ভারতের অস্বস্তি আবারো বাড়িয়ে দিয়ে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের প্রশংসা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বিচ্ছিন্নতাবাদী নেতা আসিয়া আন্দ্রাবিকে লেখা একটি চিঠিতে তার প্রশংসা করেন তিনি। কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান সরকারের পদক্ষেপকে সমর্থন করার জন্য আন্দ্রাবিকে ধন্যবাদ জানান শরিফ। খবর আনন্দবাজার পত্রিকার।
 
গত ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করেছিলেন আন্দ্রাবি। গেয়েছিলেন পাকিস্তানের জাতীয় সঙ্গীত। পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। গত ৩০ সেপ্টেম্বরের ওই চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কাশ্মীর সমস্যাকে কোনো ভৌগোলিক বিষয় বলে পাকিস্তান মনে করে না। ১৯৪৭ সালে স্বাধীন ভারত ও পাকিস্তানের জন্মের সময় থেকেই কাশ্মীরকে একটি অমীমাংসিত বিষয় বলে মনে করে পাকিস্তান।’
 
এটুকু লিখেই থেমে যাননি শরিফ। বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘দুখতারণ-ই-মিলাত’-এর প্রধান আন্দ্রাবি লাগাতার যে ‘সংগ্রাম’ করে চলেছেন, তার প্রশংসা করে তিনি লিখেছেন, ‘আমরা জানি, জম্মু-কাশ্মীরে আপনি যে লড়াইটা চালিয়ে যাচ্ছেন, তা অধিকার রক্ষা ও অধিকার আদায়ের জন্য, যারা মানবাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে, সেই সব দেশই এই লড়াইকে স্বীকৃতি দিয়েছে।’