সহিংসতা মোকাবিলায় তুরস্কে বিশ্ব নেতৃবৃন্দের বৈঠক

 
প্যারিসে নজিরবিহীন নৃশংস হামলার পর বিশ্ব নেতৃবৃন্দ সহিংসতা মোকাবিলায় একটি ঐক্যবদ্ধ মঞ্চ গড়ে তোলার লক্ষ্যে তুরস্কে এক শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন। তবে সংঘাত-জর্জরিত সিরিয়া প্রশ্নে তাদের মধ্যে বিরাট বিভক্তি রয়ে গেছে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে এ বৈঠক শুরু হয়। খবর এএফপি।
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও অন্য বিশ্ব নেতৃবৃন্দ প্যারিসে ইসলামি স্টেটের হামলায় ১২৯ জন নিহত হওয়ার পর ভূমধ্যসাগর তীরবর্তী আন্তালায়া অবকাশ কেন্দ্রে চলমান এ শীর্ষ সম্মেলনে একত্রিত হয়েছেন।
 
বৈঠকে ইউরোপের চলমান শরণার্থী সংকট, জলবায়ু পরিবর্তন ও কর ফাঁকি ইত্যাদি বিষয় নিয়েই মূলত আলোচনার কথা ছিল।
 
কিন্তু বিভিন্ন সূত্র জানিয়েছে, স্বাগতিক দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের অনুরোধে বিশ্ব নেতৃবৃন্দ প্যারিসে হামলা ও সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে একটি পৃথক বিবৃতি দেয়ার জন্য কাজ করছেন।
 
প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, ‘প্যারিসে হামলা বৈঠকের আলোচ্যসূচি পাল্টে দিয়েছে।’
 
তিনি বলেন ‘সন্ত্রাসবাদের সামগ্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের একটি কোয়ালিশনের কাঠামোর ভেতরে আন্তর্জাতিক লড়াই চালাতে হবে।’
 
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্যের আগে এরদোগান তার বক্তব্য রাখেন।
 
শি বলেন, ‘সন্ত্রাসবাদ মানবাতার শত্রু’। বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওলাদঁ উপস্থিত ছিলেন না।