রেলওয়ে নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ রহিত করে নতুন করে আইন প্রণয়নের জন্য আজ সংসদে রেলওয়ে নিরাপত্তা বাহিনী বিল ২০১৫ উত্থাপন করা হয়েছে। রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বিলটি উত্থাপন করেন।
বিলে রেলওয়ে নিরাপত্তা বাহিনী গঠন এর সদস্য সংখ্যা, বাহিনীর সদস্যদের শ্রেণী ও পদমর্যাদা, সদস্য নিয়োগ, বাহিনীর তত্ত্বাবধান এবং প্রশাসন, সদস্যের শাস্তি, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, পরোয়ানা ব্যতীত তল্লাশি ও গ্রেফতারসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে এ বাহিনী গঠন সম্পর্কে বলা হয়, রেলওয়ে নিরাপত্তা বাহিনী অধ্যাদেশের অধীন গঠিত রেলওয়ে নিরাপত্তা বাহিনী এমনভাবে বহাল থাকবে যেন এ আইনের অধীন গঠিত হয়েছে। বাহিনীর কোন সদস্য অসদাচরণ, শৃঙ্খলাভঙ্গ, দুর্নীতিসহ অন্যান্য অপরাধ করলে এবং তা প্রমাণিত হলে বিলে তাকে বরখাস্ত, অপসারণ, বাধ্যতামূলক অবসরসহ বিভিন্ন ধরনের শাস্তি বিধানের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া বিলে বাহিনীর সদস্যদের অস্ত্র ও গোলাবারুদ বহন, বাক-স্বাধীনতা, সংগঠন প্রতিষ্ঠা, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ, দণ্ড প্রদানসহ অন্যান্য বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বাসস।