স্পেনে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ দেশটির বর্তমান ও সাবেক সাত শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে স্পেনের একটি আদালত। ‘ল্যাটিন আমেরিকার হেরাল্ড ট্রিবিউন’ এর বরাত দিয়ে যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এই তথ্য জানিয়েছে।
 
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে একটি নৌবহরে হামলার মামলায় তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে স্প্যানিশ ন্যাশনাল কোর্ট বিচারক হোসে দ্য লা মাতা।
 
২০১০ সালে সহযোগিতা দিতে একটি স্বেচ্ছাসেবক দল নৌপথে গাজা উপত্যকায় পৌঁছানোর চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী তাদের ওপর হামলা চালায়। ছয়টি ছোট জাহাজের এই বহরের প্রধান জাহাজের নাম ছিলো ‘মাভি মারমারা শিপ’। ইসরাইলের অভিযোগ ছিল, অবরোধ উপেক্ষা করে এই বহর অন্যায়ভাবে গাজায় প্রবেশের চেষ্টা করছিল। ঐ পাঁচশ যাত্রী ছিলেন, যাদের সবাই স্বেচ্ছাসেবক। ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের মধ্যে নয়জন নিহত হন। পরের মাসে আহত আরো একজন মারা যান।
 
এই বিষয়ে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাচশন জেরুজালেম পোস্টকে বলেছেন, আমরা এই ঘটনাকে প্ররোচনা বলেই মনে করছি। এই পরোয়ানা প্রত্যাহার আমরা স্প্যানিশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। আশা করছি, খুব শিগগির এই পরিস্থিতির অবসান ঘটবে।