আন্তর্জাতিক সীমানায় নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে দুই দেশের নাগরিকদের এডুকেট করতে হবে বলে মন্তব্য করলেন স্বরাষ্ট্র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। তিনি জানান, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়ে সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে।
মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব ড. মো. মোজাম্মেল হক খান এ কথা জানান। এ সাংবাদিকরা জানতে চান, শুধু বাংলাদেশের নাগরিকরাই অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয় কি না? এর উত্তরে তিনি বলেন, 'গত এক বছরে ভারতের নাগরিকরাও এ নিয়ম অমান্য করেছে। মাদক চোরাচালানের সময় আটজন মারা গেছে।'
তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবির গুলিতে কেউ মারা গেছে কি না- তা নিশ্চিত করেননি স্বরাষ্ট্র সচিব। তিনি বলেন, 'স্বাধীনতার পরে এটি ১৭তম বৈঠক। অতীতের অন্যান্য বৈঠক থেকে এটি সফল ও সন্তোষজনক। এ জন্য সফল বলব, কারণ ১৯৭৪ সালের সীমান্ত চুক্তির বাস্তবায়নও হয়েছে এ বছর।'
বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র সচিব ছাড়া পুলিশ প্রধান একেএম শহীদুল হক, বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদসহ ১৮ জন অংশ নেন। ভারতের পক্ষে ছিলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজিব মেহর্ষীসহ ১৫ জন। বিডি নিউজ।