অস্ট্রেলিয়ায় মুসলিম রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

 
মুসলমানদের প্রতিনিধিত্ব করার জন্য অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটি অস্ট্রেলিয়ার আগামী জাতীয় নির্বাচনে সিনেটের আসনের জন্য প্রতিদ্বন্দ্বীতা করবে বলে জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
 
সিডনিতে ‘অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি’ নামে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা দিয়া মোহম্মদ বলেছেন, ‘মুসলমানদের জন্য একটি ‘জোরালো কণ্ঠস্বর’ চান তিনি।  তিনি বলেন, ‘বিশেষভাবে ইসলাম ও মুসলমানদের বিরোধিতা করার মতো অনেক দলই আছে (অস্ট্রেলিয়ায়), কিন্তু মুসলমানদের কোনো অফিসিয়াল প্রতিনিধি নেই।’ অস্ট্রেলিয়ায় অনেক ইসলাম-বিরোধী রাজনৈতিক দল আছে। এগুলোর মধ্যে একটির পৃষ্ঠপোষক ওলন্দাজ পার্লামেন্ট সদস্য গ্রিট ওয়াইল্ডার্স।
 
প্যারিসে সন্ত্রাসী হামলা চালানোর পরপরই কেন মুসলিম রাজনৈতিক দল গঠন করলেন—এমন প্রশ্নেরও জবাবে ৩৪ বছর বয়সী ব্যবসায়ী মোহম্মদ এবিসির ‘এএম’ অনুষ্ঠানে বলেন, ‘সমপ্রতি যে ঘটনা ঘটে গেছে, তা নিয়ে আগামী দিনে অনেক প্রশ্ন উঠবে, আর এ কারণেই আমরা দলটি গঠন করেছি। এ ধরনের দল গঠন করার এটিই উপযুক্ত সময়।’
 
প্যারিস হামলার নিন্দা জানিয়ে মোহম্মদ বলেন, ইসলাম নিরপরাধ মানুষকে হত্যা না করতে কঠোরভাবে নিষেধ করেছে। তবে প্যারিস হামলার মতো কোনো হামলার জের ধরে কোনো মুসলিম দেশকে দখল করা তার দল সমর্থন করবে না বলে জানিয়েছেন মোহম্মদ।