১৬ অঙ্গরাজ্যে সিরীয় শরণার্থীদের আশ্রয়দান স্থগিত

‘শরণার্থীদের আশ্রয় না দেয়া মূল্যবোধের সাথে বিশ্বাসঘাতকতা’

 
প্যারিসে হামলার পর নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের মিশিগান, আলবামা ও টেক্সাসসহ বেশ কয়েকটি রাজ্য সিরীয় শরণার্থীদের গ্রহণের বিষয়টি স্থগিত করেছে। ওই রাজ্যের গভর্নররা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে রাজ্যগুলোর এই ধরনের পদক্ষেপের আইনগত বৈধতা এখনো স্পষ্ট নয় বলে মনে করছে ওবামা প্রশাসন। এ দিকে, এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন—শরণার্থীদের আশ্রয় না দেয়া যুক্তরাষ্ট্রের মূল্যবোধের সাথে বিশ্বাসঘাতকতা।’ খবর আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের।
 
যুক্তরাষ্ট্রের ১৬ জন রিপাবলিকান গভর্নর সিরীয় শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়টি স্থগিত করেছে। দেশটির যে  অঙ্গরাজ্যগুলো ওবামা সরকারের শরণার্থী কর্মসূচিতে অসম্মতি জানিয়েছে সেগুলো হচ্ছে—মিশিগান, টেক্সাস, জর্জিয়া, ওহিও, ম্যাসাচুসেটস, আলবামা, লুসিয়ানা, ইন্ডিয়ানা, ফ্লোরিডা, মিসিসিপি, আরিজোনা, ইলিনোয়েস, নর্থ ক্যারলিনা, উইসকনসিন, আয়োয়া, নিউ হ্যাম্পশায়ার ও আরকানসাস। মিশিগান রাজ্যের গভর্নর রিক স্নাইডার বলেছেন, পুনরায় একটি মূল্যায়ন না করা পর্যন্ত তিনি নতুন আগমনসমূহের গ্রহণ স্থগিত করছেন। মিশিগান ছাড়াও আলাবামা, টেক্সাসসহ আরও কয়েকটি রাজ্যের গভর্নররা একই ঘোষণা দিয়েছেন।
 
টেক্সাস ও আরকানসাসের গভর্নর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লেখা চিঠিতে বলেন, তারা তাদের ভূখণ্ডে কোনো সিরীয় শরণার্থীদের আশ্রয় দেবেন না। অন্য দিকে, রিপাবলিকান গভর্নরদের অনেকেই বলেছেন, তারা কেবল সিরিয়ার খ্রিস্টান শরণার্থীদের আশ্রয় দেবেন, মুসলিমদের নয়। ফ্লোরিডার গভর্নর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী জেব বুশও একই কথা বলেছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের কেবল সিরিয়ার খ্রিস্টানদেরই আশ্রয় দেয়া উচিত। এ ছাড়া, সোমবার রিপাবলিকান দলের একাধিক পার্লামেন্ট সদস্য সরকারের প্রতি সিরীয় শরণার্থীদের আর্থিক সহায়তা বন্ধ করারও দাবি করেছেন।
 
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩২ জন নিহত হওয়ার কয়েক দিন পরেই সিরীয় শরণার্থীদের আশ্রয় না দেয়ার  ঘোষণা দিলেন এসব মার্কিন গভর্নর।
 
উল্লেখ্য, প্যারিসে ওই হামলার দায় স্বীকার করেছিল ইরাক ও সিরিয়া-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। সন্দেহভাজন এক হামলাকারীর লাশের পাশে সিরীয় পাসপোর্ট উদ্ধার করার খবরও প্রকাশিত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত সিরীয় শরণার্থীদের পুনর্বাসন কর্মসূচির বিরোধীরা এখন তা  স্থগিত করার একটা শক্তিশালী অজুহাত খুঁজে পেল।
 
তবে রাজ্যের গভর্নরদের এই সিদ্ধান্তের বৈধতার বিষয়টি এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র। গভর্নররা আইনগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন কি না, তা খতিয়ে দেখছে পররাষ্ট্র দপ্তরের আইনজীবীরা। অনেকের মতে, কেন্দ্রীয় সরকারের শরণার্থী পুনর্বাসন কর্মসূচি বাতিল করার ক্ষমতা তাদের নেই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত  গ্রহণের এখতিয়ার হোয়াইট হাউজের হাতে।
 
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘শরণার্থীদের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়াটা হবে আমেরিকার মূল্যবোধের সাথে একটি বিশ্বাসঘাতকতা।’