যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলারের স্মার্ট বোমা কিনছে সৌদি

 
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সৌদি আরবের কাছে এক দশমিক ২৯ বিলিয়ন ডলার মূল্যের ২২ হাজার স্মার্ট বোমা বিক্রির অনুমোদন দিয়েছে। বোমা বিক্রিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার বিষয়টি বিবৃতির মাধ্যমে জানিয়েছে পেন্টাগন।
 
ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) মোকাবেলায় এই বোমাগুলো ব্যবহার করা হবে। শুক্রবার রাতে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই বোমা বিক্রির বিষয়টি চূড়ান্ত করল যুক্তরাষ্ট্র।
 
আগামী ৩০ দিনের মধ্যে বোমার চালানটি সৌদি আরবে পাঠানো বাতিল করতে পারবে মার্কিন কংগ্রেস। তবে অস্ত্র বিক্রির বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা হয় বলে এর সম্ভাবনা খুব কম।
 
রয়টার্সের খবরে জানানো হয়েছে, এই বোমাগুলো সৌদি রয়্যাল এয়ারফোর্সের ঘাটতি পূরণ করবে। এছাড়াও সিরিয়া ও ইয়েমেনে স্মার্ট বোমা ব্যবহার করার কথা জানানো হয়েছে। বোমাগুলো বিমান থেকে ফেলার পর রেডিও ও লেজার সিগনালের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।
 
ইরানের সঙ্গে পরমাণু বিষয়ক চুক্তি করার পর শিয়া সংখ্যাগরিষ্ঠের দেশ ইরানের সৌদি আরবসহ উপসাগরীয় সুন্নি সংখ্যাগরিষ্ঠের আরব দেশগুলোকে সামরিক সমর্থন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বারাক ওবামা। বোমার এই চালান ওবামার সেই প্রতিশ্রুতির প্রতিফলন।