ভারতে অসহিষ্ণু পরিস্থিতি নিয়ে প্রতিবাদের ভাষা হিসেবে অনেক কবি-সাহিত্যিক যখন তাদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, তখন প্রথমবারের মতো মুখ খুললেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি বললেন, প্রতিবাদেও মাত্রা থাকা উচিত। অসহিষ্ণুতার প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দেওয়াটা এখন ‘হিড়িকে’ পরিণত হয়ে গেছে। কোন বিষয়েও আমাদের মাত্রাজ্ঞান হারিয়ে ফেলা উচিত নয়। সেইসঙ্গে তিনি শাসক শিবিরকেও সহিষ্ণু থাকার পরামর্শ দিলেন। খবর আনন্দবাজার পত্রিকার।
জাতীয় প্রেস দিবস উপলক্ষে এক বক্তৃতায় রাষ্ট্রপতি মঙ্গলবার বলেন, ‘মেধা ও পরিশ্রমের জন্য যে মহার্ঘ্য পুরস্কার দেওয়া হয় তা হল গণ-স্বীকৃতি! এ ধরনের পুরস্কার যারা পান তাদের উচিত সেটিকে হূদয়ে লালন করে তার মূল্য দেওয়া।’ তার মতে, ‘এটা ঠিকই আমাদের স্পর্শকাতর মন কখনো কখনো কিছু ঘটনায় অস্থির হয়ে ওঠে। কিন্তু উদ্বেগ প্রকাশেও ভারসাম্য রাখা প্রয়োজন। এমন না হয় যে, ঘটনার তুলনায় আবেগটা বেশি হয়ে যায়। বরং আলোচনা ও বিতর্কের মাধ্যমে মতান্তর মিটিয়ে ফেলা ভালো।’
বিশেষ কোনো ঘটনার উল্লেখ না করেই রাষ্ট্রপতি বলেন, ‘ভারতীয়ত্বের উপরে সকলের আস্থা রাখা উচিত। কারণ, ইতিহাস বলছে, ভারত পরিস্থিতি অনুযায়ী ভুল শুধরে নিতেও জানে।’
সম্প্রতি এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাষ্ট্রপতির প্রশস্তিতে তাকে ‘জ্ঞানের সমুদ্র’ আখ্যা দেন মোদি। সেই সঙ্গে এও জানান, গত দেড় বছরে রাষ্ট্রপতির কাছে বিভিন্ন বিষয় তিনি কেমনভাবে শিখেছেন। এটা বেশ স্পষ্ট, মোদি সে দিন বোঝাতে চেয়েছিলেন, তাদের আস্থার সম্পর্ক অটুট।