আগুন সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হচ্ছে : আনিসুল হক

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে নির্বিচারে যারা মানুষ হত্যা করেছে, তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মো. আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এ ধরনের সন্ত্রাসীদের বিচারে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী বলেন, প্রতিটি অপরাধের বিচার নির্দিষ্ট আইন দ্বারা নির্ধারিত হয়। আগুন সন্ত্রাসে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারাধীন মামলার সংখ্যা বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কমিয়ে আনা হয়েছে। বর্তমানে সক্রিয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে একটি।

মন্ত্রী বলেন, বর্তমানে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে ৩টি, চার্জ শুনানি পর্যায়ে ৩টি এবং তদন্ত পর্যায়ে ১১টি মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। ট্রাইব্যুনালদ্বয়ে বিচারাধীন মামলার সংখ্যা বিবেচনায় দুটি ট্রাইব্যুনালকে একত্রিত করে একটি করা হয়েছে।