জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদে সারাদেশে বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলাম। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিৃবতিতে এই ঘোষণা দেয়া হয়।
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির জনাব মকবুল আহমাদ বলেছেন, জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য সরকার জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। সরকারি ষড়যন্ত্রের শিকার হয়েছেন জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। সরকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। কোন প্রত্যক্ষদর্শী সাক্ষীও নেই। এতদসত্ত্বেও সরকারের মিথ্যা মামলায় জনাব মুজাহিদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে তিনি রিভিউ আবেদন করলে তা খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ডবহাল রাখা হয়। এ রায়ে জনাব মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
তিনি বলেন, এ অন্যায় ও ষড়যন্ত্রমূলক সরকারি হত্যাকাণ্ডের প্রতিবাদে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।
তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে।