প্যারিসে হামলার প্রধান পরিকল্পনাকারী আবদুল হামিদ আবু ওউদকে আটক করতে সাত ঘন্টাব্যাপী অভিযান চালানো হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে প্যারিসের শহরতলীর সেন্ট ডেনিস এলাকায় প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের পরে সেখানে এক সন্দেহভাজন মহিলা আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে, আরো একজন নিহত হয়েছেন গ্রেনেড বিস্ফোরণে।
এই ঘটনা এখন পর্যন্ত ৭ জন গ্রেফতার হওয়ার কথা নিশ্চিত করেছে ফরাসি কর্তৃপক্ষ। পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন, এবং ডিজেল নামের পুলিশের একটি প্রশিক্ষিত কুকুর মারা গেছে এই অভিযানে।
আজ প্যারিসের স্থানীয় সময় ভোর সাড়ে চারটার সময় থেকে প্যারিসের শহরতলীর সেন্ট ডেনিস এলাকায় প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারী আবদুল হামিদ আবু ওউদ একটি অ্যাপার্টমেন্টে লুকিয়ে আছে এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। সাত ঘন্টাব্যাপী অভিযানের সময় প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেনাবাহিনীও পরে পুলিশের সঙ্গে অভিযানে যোগ দেয়।
IMG0
সাত ঘন্টাব্যাপী এই অভিযান শেষে প্রসিকিউটর ফ্রাসোয়া মলিন সাংবাদিকদের বলেন, সেন্ট ডেনিস থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময়ে ওই অ্যাপার্টমেন্টে এক নারী আত্মঘাতী বোমা হামলা করে নিজেকে উড়িয়ে দেন। এছাড়া এক ব্যক্তি গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছে বলে জানা গেছে। তবে প্যারিস হামলার পরিকল্পনাকারী হিসেবে নাম উঠে আসা আবদুল হামিদ আবু ওউদ সেই অ্যাপার্টমেন্টে ছিলেন কী না সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওই অ্যাপার্টমেন্ট থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।কর্তৃপক্ষ এখনো তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। ওই অ্যাপার্টমেন্টের কাছে থেকে একজন নারী ও একজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওই অ্যাপার্টমেন্টের মালিক ও যার পরিচয়ে জঙ্গিরা সেখানে এসেছিল তাকেও গ্রেফতার করা হয়েছে।
IMG1
এদিকে, ওই অ্যাপার্টমেন্টের মালিক ফ্রান্সের স্থানীয় এক টিভি চ্যানেলের সঙ্গে কথোপকথনে বলেছেন, আমার এক বন্ধু বলেছিল যে তার কিছু বন্ধু অ্যাপার্টমেন্টে থাকবে। তারা আমাকে বলেছিল, অ্যাপার্টমেন্টটি ভাড়া নেবে এবং আমি দিয়েছি। আমার কোনো ধারণাই ছিল না যে তারা সন্ত্রাসী। গার্ডিয়ান।