ফেসবুক-ম্যাসেঞ্জার-ভাইবার-হোয়াটসঅ্যাপ বন্ধ

 
সামাজিক যোগাযোগের চারটি মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার সংস্থাটির উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বিটিআরসির দায়িত্বশীল একটি সূত্র ইত্তেফাককে এই তথ্য জানিয়েছে।
 
সূত্রটি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বিটিআরসি এই নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।
 
কিছুদিন আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সব ভালো কাজের কিছু খারাপ দিক আছে। আজ ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ পাচ্ছে। এ সুযোগ ব্যবহার করে কিছু কিছু মানুষ ক্রাইম করছে। দুর্ভাগ্য হলো কিছু লোকের মন্দ কাজের জন্য অনেক সময় ভালো মানুষ কষ্ট পায়। তাই সন্ত্রাসী জঙ্গিদের ধরার জন্য প্রয়োজন হলে কিছুদিনের জন্য হলেও ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে।
 
তিনি বলেন, সন্ত্রাসীদের ধরতে প্রয়োজন হলে এটি করতে হবে। এটা করা দরকার। যখন প্রয়োজন হবে, আমি এটা বন্ধ করব। বন্ধ করে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করা হবে।