‘ফিলিপাইনে অপহৃত মালয়েশীয় জিম্মিকে হত্যা করা হয়েছে’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামি জঙ্গিরা কয়েক মাস ধরে মালয়েশিয়ার যে ব্যক্তিকে জিম্মি করে রেখেছিল তাকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে একে ‘নির্মম ও বর্বর কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেন।
 
এর আগে ফিলিপাইনের সামরিক বাহিনী জানায়, জঙ্গি সংগঠন আবু সায়াফ গ্রুপের হাতে জিম্মি মালয়েশিয়ার নাগরিক বার্নাড দেনকে শিরশ্ছেদের  খবর খতিয়ে দেখা হচ্ছে।
 
নাজিব বুধবার তার ফেসবুকে বলেন, আমাদের দেশের বাসিন্দা বার্নাড দেনকে হত্যার ঘটনায় আমি, সরকার ও মালয়েশিয়াবাসী শোকাহত ও গভীরভাবে দুঃখিত। 
 
তিনি বলেন, এই নির্মম ও বর্বর কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও তাদেরকে বিচারের আওতায় আনতে আমরা কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি। তিনি প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনের জন্য বর্তমানে ম্যানিলা রয়েছেন।
 
গত মে মাসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চল থেকে দেনকে অপহরণ করা হয়। তিনি মালয়েশিয়ার সাবাহ রাজ্যের বাসিন্দা। তার সঙ্গে এক নারীকেও অপহরণ করা হয়। তবে অপহরণকারী ও কর্তৃপক্ষের মধ্যে আলোচনার পর গত সপ্তাহে ওই নারীকে মুক্তি দেয়া হয়।
 
আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের সহায়তায় ১৯৯০ এর দশকে আবু সায়াফ গ্রুপ প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনের বিরুদ্ধে বোমা বর্ষণ ও মুক্তিপণের জন্য অপহরণসহ ফিলিপাইনের ইতিহাসে বেশ কয়েকটি ভয়াবহ সন্ত্রাসী হামলার অভিযোগ রয়েছে। বাসস।