প্যারিস হামলার পর দক্ষিণ কোরিয়া সন্ত্রাসবাদ মোকাবিলায় বাজেট বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। প্রায় ৮ কোটি ৫০ লাখ ডলারের এই বাজেট প্রণয়নের চিন্তা-ভাবনা করা হচ্ছে, যা আগামী অর্থবছরে অন্তর্ভুক্ত হবে। দেশটির ক্ষমতাসীন দল বুধবার এ কথা জানায়। খবর এনডিটিভির।
গত শুক্রবারের আইএসের হামলায় প্যারিসে ১২৯ জন নিহত ও বহু লোক আহত হয়। এ ছাড়া গত অক্টোবরে মিসরের সিনাইয়ে রুশ বিমান ভূপাতিত করা হয়। জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে। সে সময় বিমানটির ২২৪ আরোহীর সবাই নিহত হয়।
এ সব হামলার পেছনে আইএসের পক্ষ থেকে বলা হয়—ইরাক ও সিরিয়ায় ফরাসি এবং রাশিয়ার হামলার প্রেক্ষিতে এ হামলা চালানো হয়। দক্ষিণ কোরিয়া যদিও আইএসের বিরুদ্ধে কোন সামরিক অভিযানে নেই, তারপরও তারা দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে বাজেটে তাদের অর্থের পরিমাণ বাড়াচ্ছে। দেশটির ক্ষমতাসীন সেনুরির পার্টির সংসদ সদস্যরা এ বাজেট করার জন্য ওই দিন বৈঠকে মিলিত হন।
সংসদ সদস্য লি চিওল উ সাংবাদিকদের বলেন, সম্ভাব্য রাসায়নিক হামলা মোকাবিলায় তারা অতিরিক্ত ৩০ বিলিয়ন ইয়েন ব্যয় করতে যাচ্ছেন।