টিআইবির নিবন্ধন বাতিলের সুপারিশ

 
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার কমিটির বৈঠক শেষে সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘টিআইবির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ছাড়া কোনো উপায় নেই। সংসদকে হেয়প্রতিপন্ন করায় সংস্থাটির নিবন্ধন বাতিলের সুপারিশ করেছি আমরা।’
 
গত ২৫ অক্টোবর ‘পার্লামেন্ট ওয়াচ’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বর্তমান সংসদ ক্ষমতাসীন দলের একচ্ছত্র আধিপত্য বিস্তারের ভুবনে পরিণত হয়েছে। সংসদের বাইরের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার প্রাতিষ্ঠানিক ফোরামে পরিণত হয়েছে।’ প্রতিবেদনে সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ বলেও আখ্যায়িত করা হয়।
 
টিআইবির নির্বাহী পরিচালকের ওই বক্তব্যের কড়া সমালোচনা করেন আওয়ামী লীগের নেতারা। সংস্থাটিকে সংসদে তলবেরও দাবি ওঠে। সংসদে সমালোচার পর টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আশা করব, প্রতিবেদনের বিশ্লেষণ, তথ্য উপাত্ত ও সুপারিশ সংসদ বিবেচনায় নেবে। প্রতিবেদন নিয়ে সংসদের যে কোনো পদক্ষেপে সহায়তা করতে প্রস্তুত টিআইবি।’
 
সংসদের মিডিয়া সেন্টারে আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সাংবাদিকদের আরো বলেন, ‘সংসদকে রক্ষা করতে হবে। এনজিওগুলোকেও জবাবদিহিতার আওতায় আনেতে হবে।’
 

টিআইবিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কাকের কাজ কাককে করতে হবে, কাক ময়ূর সেজে কাজ করলে হবে না। এনজিও হয়েও টিআইবি এ কাজ করেছে। সংসদকে হেয় করায় টিআইবির নিবন্ধন বাতিল করতে হবে।’