ব্যালট ছিনতাই: নাগেশ্বরীতে দুই ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

নাগেশ্বরীতে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে দুইটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুটি হলো কুটিনাওডাঙ্গা ফোরকানিয়া এবতেদায়ী মাদ্রাসা ও পুর্ব পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্র দুইটির ভোটার সংখ্যা যথাক্রমে ৩হাজার ৩৫ ও ১হাজার ৮৮০ জন। উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।

১০ মার্চ সকালে উপজেলার ১৩৫ ভোটকেন্দ্রে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে সকাল পৌনে ১১টায় কয়েকজন বহিরাহত ব্যাক্তি সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাঙ্গা ফোরকানিয়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রের ৯নং বুথে প্রবেশ করে সহকারি প্রিজাইডিং অফিসার আস্করনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরার নিকট জোরপুর্বক মহিলা ভাইস চেয়ারম্যানের ১০টি ব্যালট ছিনতাই করে নেয়। এতে উত্তেজনা সৃষ্টি হলে তারা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের গোলাম রসুল রাজা ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মহিবুল হক খোকন। এ ঘটনায় তারা প্রিজাইডিং অফিসারের নিকট ভোট বন্ধের দাবি জানান।

এ বিষয়ে ওই বুথের সহকারি প্রিজাইডিং অফিসার জেসমিন আরা জানান, ‘বুথটি অরক্ষিত ছিল। এ সুযোগে কয়েকজন উৎশৃঙ্খল যুবক জোরপুর্বক ব্যালট ছিনিয়ে নেয়।’

প্রিজাইডিং অফিসার উপজেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন জানান, ‘তাদের অভিযোগের ভিত্তিতে ভারপ্রাপ্ত ইউএনও সহকারি ভূমি কর্মকর্তা সহকারি রিটার্নিং কর্মকর্তা আল ইমরান ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে তাদের নির্দেশে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।’

আরও পড়ুনঃ কুমিল্লায় ব্যাটের আঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু

অপরদিকে প্রায় একই রকম অভিযোগে দুপুর সোয়া ১টায় পুর্ব পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাচন অফিসার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক।

ইত্তেফাক/নূহু