রুশ বিমানের মূল কেবিনেই ছিল বোমা

মিসরের সিনাইয়ে রাশিয়ার বিধ্বস্ত বিমানটির মূল কেবিনেই বোমা রাখা ছিল। সেই বোমার বিস্ফোরণে বিমানটি বিধ্বস্ত হয়। রুশ পত্রিকা কোমেরসান্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 
অপর দিকে ইসলামিক স্টেটের (আইএস) অফিসিয়াল ম্যাগাজিনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা ঘরে বানানো একটি বোমার ছবি প্রকাশ করা হয়েছে। ম্যাগাজিনটিতে দাবি করা হয়েছে, কোমল পানিয়ের একটি ধাতব ক্যানের ভেতরে স্থাপন করা ওই বোমার বিস্ফোরণেই বিমানটি বিধ্বস্ত হয়।
IMG0
এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছিল এয়ারবাস-৩২১ এর কার্গো হোল্ডে পেতে রাখা বোমার বিস্ফোরণে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ২২৪ জনের সকলেই প্রাণ হারান।
 
কিন্তু বুধবার বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে কোমেরসান্ত পত্রিকা জানায়, বোমা বিস্ফোরণের কেন্দ্র দেখে ধারণা করা হচ্ছে, বিমানটির লেজের অংশের কাছে কেবিনের পেছন দিকে বোমাটি রাখা ছিল।