বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান। হাজি মো. সেলিম উন্নয়নে সরকারের পরিকল্পনা জানতে চেয়ে সংসদ সদস্য সম্পূরক প্রশ্ন করেন। তার জবাবে প্রধানমন্ত্রী বলেন, “দেশের শান্তিপূর্ণ পরিবেশের জন্য মানুষকে সচেতন হতে হবে। সচেতনতা সৃষ্টি হলেই আমরা দেশকে শান্তিপূর্ণ পথে এগিয়ে নিতে সক্ষম হব। মানুষ যতই সচেতন হবে ততই আমরা সাফল্য অর্জন করবো।”
প্রধানমন্ত্রী বলেন, “যারা সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িত তাদেরকে ধরিয়ে দেওয়া, আইনের হাতে সোপর্দ ও উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
শান্তিপূর্ণ পরিবেশ ও জনগণের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে নেওয়ার অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।”
প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তরের এই পর্বে শেখ হাসিনা জানান, ২০০৮ সালে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার পর তিনি ৬১৮টি প্রতিশ্রুতি ও নির্দেশনা দিয়েছিলেন। সেগুলোর মধ্যে ৫২টি বাস্তবায়িত হয়েছে, ২৮৫টি বাস্তবায়নাধীন রয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে ২৮১টি, যার ১০৬টি। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।