‘প্যারিস হামলার পরিকল্পনাকারী নিহত’

প্যারিস হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী আবদেল হামিদ আবু ওউদ নিহত হয়েছেন বলে খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট।দুই গোয়েন্দা কর্মকর্তাকে উদ্ধৃত করে বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি। এমন কি গোয়েন্দা কর্মকর্তারা কোন দেশের নাগরিক তাও প্রকাশ করা হয়নি।
 
ফরাসি কর্তৃপক্ষের মাধ্যমে এখন পর্যন্ত বিষয়টি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে রয়টার্স জানিয়েছে। জঙ্গি হামলায় জড়িতদের খোঁজে বুধবার প্যারিসের উপকণ্ঠে সেন্ট ডেনিস এলাকার একটি ফ্ল্যাটে পুলিশ অভিযান চালালে বিস্ফোরণ ও গোলাগুলিতে দুইজন নিহত হন।
 
নিহতদের একজন সন্দেহভাজন এক নারী।  বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে তিনি আত্মহত্যা করেন।
 
প্যারিস হামলার পরিকল্পনাকারী মরোক্কান বংশোদ্ভূত বেলজিয়ান নাগরিক আবদেল হামিদ আবু ওউদ ওই ভবনে অবস্থান করছেন খবর পেয়েই সেখানে অভিযানে গিয়েছিল ফ্রান্সের নিরাপত্তা বাহিনী।
 
ফ্রান্সের বিএফএমটিভির খবরে বলা হয়, পুলিশের অভিযান চলাকালে ভবনের ভেতরে বিস্ফোরক বেল্টে বিস্ফোরণ ঘটান এক তরুণী। তিনি আবু ওউদের একজন আত্মীয়। আরেকজন সন্দেহভাজন নিহত হন পুলিশের গুলিতে, তবে তার পরিচয় জানা যায়নি।
 
IMG0
 
বিবিসির খবরে বলা হয়েছে, ওই অভিযানে পুলিশ আটজনকে গ্রেপ্তার করলেও তাদের মধ্যে আবু ওউদ ছিলেন না। সেন্ট ডেনিস কয়েক ঘণ্টার ওই অভিযানে ফরাসি পুলিশ পাঁচ হাজারেরও বেশি বুলেট খরচ করেছে। বিস্ফোরণ আর গুলিতে ওই ফ্ল্যাটের এমন অবস্থা হয়েছে যে সেখানে তল্লাশি চালিয়ে তথ্য পাওয়া অনেক কঠিন হয়ে গেছে।
 
গত অগাস্টে প্যারিসে দ্রুতগতির একটি ট্রেনে হামলা এবং এপ্রিলে একটি চার্চে বানচাল হয়ে যাওয়া হামলা পরিকল্পনার সঙ্গেও আবু ওউদের যোগসূত্র পাওয়ার দাবি করেছে ফরাসি কর্তৃপক্ষ।
 
প্যারিসের বিদ্রূপ ম্যাগাজিন শার্লি হেবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলার পর জানুয়ারিতে ফরাসি কর্তৃপক্ষ আবু ওউদকে বেলজিয়ামের একটি সন্ত্রাসী সেলের হোতা হিসেবে চিহ্নিত করে এবং চক্রটিকে ধ্বংসের চেষ্টা চালায়। ওই সময় সন্ত্রাস দমন বিভাগের অভিযানে বেলজিয়াম থেকে ১৩ জঙ্গিকে আটক করা হয়। যদিও আবু ওউদ থেকে যান ধরা-ছোঁয়ার বাইরে।
 
চলতি বছরের শুরুতে বেলজিয়ামের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, আবু ওউদ সিরিয়ায় ইসলামিক স্টেটের হয়ে যুদ্ধ করছেন। আইএসের প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখার পর বেলজিয়ামের নিরাপত্তা বাহিনী তার সম্পর্কে জানতে পারে। ওই ভিডিওতে একটি গাড়ির চাকা দেখা যায়; যে গাড়িতে করে আবাউদ ক্ষত-বিক্ষত লাশের স্তূপ নিয়ে গণকবরের দিকে যাচ্ছিলেন।
 
IMG1
 
ফ্লেমিশ ভাষার চ্যানেল 'ভিটিএম' তাদের প্রতিবেদনে বলেছে, জানুয়ারিতে বেলজিয়ামের ভারভিয়ার্স শহরে সন্ত্রাস দমন অভিযানের সময় অস্ত্রধারী দুই জঙ্গি নিহত হন। তাদের একজন আবু ওউদের ভাই এবং গ্রিস থেকে আবু ওউদ তার ভাইকে ফোনও করেছিল।
 
ফেব্রুয়ারিতে আইএসের অনলাইন সাময়িকী ‘দাবিক’কে দেওয়া এক সাক্ষাৎকারে দম্ভের সঙ্গে আবু ওউদ বলেছিলেন, তিনি বেলজিয়ামের গোয়েন্দা সংস্থার নাকের ডগা দিয়ে পশ্চিমা দেশগুলোতে হামলার পরিকল্পনা করতে সক্ষম হয়েছেন।
 
আবু ওউদ আবু উমর আল-বালজিকি নামেও পরিচিত। তিনি আইএসের হয়ে যুদ্ধ করছেন এরকম একটি ছবিও বেলজিয়ামের গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল। ওয়াশিংটন পোস্ট, বিবিসি ও গার্ডিয়ান।