চেন্নাইয়ে বন্যা কবলিতদের নৌকাসেবা দিচ্ছে ট্যাক্সি অ্যাপ

 
ভারতের একটি ট্যাক্সি অ্যাপ সেবা বন্যাকবলিত চেন্নাইয়ে বিনামূল্যে নৌকা পাঠানোর সেবা দিচ্ছে। ‘ওলা’ নামের ঐ প্রতিষ্ঠানটি সাধারণত অনলাইনে ট্যাক্সি প্রাপ্তির সুবিধা দিয়ে থাকে।
 
প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় দক্ষিণ ভারতে ৭০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। সেখানকার সেনাবাহিনী বন্যাকবলিতদের উদ্ধারে কাজ করছে। এর মধ্যে ১০ হাজারের মতো মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। চেন্নাইয়ের বেশিরভাগ এলাকায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
 
গত সপ্তাহের শেষে ‘ওলা’র এক ব্যবহারকারী বুকিংয়ের স্ক্রিনের ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায় ‘গাড়ি’র বাটনের স্থানে ‘নৌকা’ লেখা রয়েছে। এর দুইদিন পরই ওলা নৌকা সেবা চালু করে।
 
IMG0
 
ওলার একটি বিবৃতিতে বলা হয়েছে, নৌকাগুলো তামিলনাড়ুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ পরিচালনা করছে।
 
প্রত্যেকটি নৌকাতে দুইজন বাহক ছাড়াও পাঁচ থেকে নয়জনকে নিতে পারবে। এমনটি বৃষ্টি থেকে বাঁচার জন্য যাত্রীদের জন্য ছাতার ব্যবস্থাও রয়েছে।
 
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এই সেবা আরো কিছুদিন অব্যাহত থাকবে। আবহাওয়ার উপর ভিত্তি করে এই সেবার সময়সীমা বৃদ্ধি পেতে পারে।
 
ওলার তামিলনাড়ুর হেড অব বিজনেস রাভি তেজা বলেছেন, নৌকার মাধ্যমে মানুষদের নিরাপদ জায়গায় নেয়া হচ্ছে। এছাড়া আক্রান্ত এলাকায় খাদ্য ও পানি বিতরণ করা হচ্ছে। খবর: বিবিসি।