সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) এই চার দেশের মধ্যে যান চলাচলে মাশুলসহ অন্যান্য বিষয় আগামী মাসে চূড়ান্ত হবে। বৃহস্পতিবার সচিবালয়ে ‘বিবিআইএন ফ্রেন্ডশিপ মোটর র্যালি ২০১৫’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী জানুয়ারি থেকে এই চার দেশের মধ্যে সড়কপথে যাত্রী ও ব্যক্তিগত এবং পণ্যবাহী যান চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর আগে ডিসেম্বরের ৩-৪ তারিখে এক বৈঠকে চুক্তির আওতায় যান চলাচলের জন্য সংশ্লিষ্ট দেশে ‘ট্রানজিট ফি’ ও যাত্রী পরিবহনে ভিসা পদ্ধতি চূড়ান্ত হবে। মাশুল ঠিক করা হবে, কোনো আপত্তি উত্থাপিত হলে তাও ঠিক করা হবে।
বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে চলা মৈত্রী শোভাযাত্রা আগামী ২৮ নভেম্বর বাংলাদেশে আসছে। ঐদিন শোভাযাত্রাটি ফেনীর বিলোনিয়া সীমান্ত দিয়ে দেশে ঢুকবে।
ওবায়দুল কাদের বলেছেন, বিলোনিয়া সীমান্ত দিয়ে ঢুকে ঐ দিন শোভাযাত্রাটি চট্টগ্রামে থাকবে। পরদিন ২৯ নভেম্বর সেটি চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে। এরপর ১ ডিসেম্বর ঢাকা থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শোভাযাত্রাটি কলকাতা।
মন্ত্রী জানান, ভারতের ওডিশা প্রদেশের ভুবনেশ্বরে শোভাযাত্রাটির উদ্বোধন হয়েছে ১৪ নভেম্বর। ১৮ দিন ধরে এটি ৪ হাজার ২২৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ২০টি গাড়িবহরের এই শোভাযাত্রায় বাংলাদেশ, ভুটান নেপাল ও ভারতের ৮০ জন প্রতিনিধি অংশ নিচ্ছে।