ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টায় কার্জন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
দুই দিনব্যাপী এই উৎসব প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তন প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।
উল্লেখ্য, ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ফার্মেসী বিভাগ যাত্রা শুরু করে। এই বিভাগের সহস্রাধিক ফার্মাসিস্টরা দেশে-বিদেশে তাদের পেশাগত জীবন সাফল্যের সাথে অতিবাহিত করছেন। বাংলাদেশে মোট চাহিদার ৯৭ শতাংশ ওষুধ দেশে উৎপাদিত হচ্ছে এবং বিশ্বের মোট ৯৩টি দেশে আন্তর্জাতিক মানের ওষুধ রফতানি হচ্ছে। এই কৃতিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের ৫০ বছরের অর্জন।
-বিজ্ঞপ্তি