সালাউদ্দিন কাদেরের রিভিউ রায় প্রকাশ, আজই যাচ্ছে ট্রাইব্যুনালে

 
একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ রায়ের পূর্ণাঙ্গ নথি প্রকাশ করা হয়েছে। আজই রায়ের কপি প্রেরন করা হবে ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিমকোর্টের রেজিস্টার অফিস এ খবর জানিয়েছে।
 
এর আগে আজ বেলা সাড়ে ১২টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারগারে দেখা করেছে তার পরিবারের ১৫ সদস্য। প্রায় এক ঘণ্টা সাক্ষাৎ শেষে বেলা দেড়টার দিকে কারাগারের ভেতর থেকে বেরিয়ে আসেন তার পরিবারের সদস্যরা।
 

পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন- সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, তার ছেলে ফজলুল কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, ফারদিন কাদের চৌধুরী, পুত্রবধূ তানিয়া খন্দকার, মেয়ের জামাই জাফর ইমাম, ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জামাল উদ্দিন কাদের চৌধুরী, বোন হাসিনা কাদের সিনহা, জোবায়দা মনোয়ার, শ্যালক হুম্মন আহম্মেদ কাদেল, ভাবি সেলিনা কাদের চৌধুরী, ভাগ্নি মাহবুবা চৌধুরী, ভাতিজা শাকিব কাদের চৌধুরী ও চাচাতো ভাই ইকবাল হোসেন।

 

২০১৩ সালের ১ অক্টোবর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয়। ওই রায়ে বিরুদ্ধে আপিল করেন এই বিএনপি নেতা। চলতি বছরের ২৯ জুলাই আপিল বিভাগ সালাহউদ্দিন কাদেরের আপিল খারিজ করে দিয়ে ফাঁসির দণ্ড বহাল রাখে। পরে এ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। সবশেষ গতকাল বুধবার তার রিভিউ আবেদন খারিজ হয়ে গেলে রায় কার্যকরে সব বাধা দূর হয়।