ম্যানিলায় অ্যাপেক-বিরোধী বিক্ষোভ, পুলিশি বাধায় সংঘর্ষ

 
ফিলিপাইনের ম্যানিলায় অ্যাপেক (এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন) সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অংশ নেয়া কয়েক হাজার ছাত্র, আদিবাসী এবং শ্রমিক সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান মোতায়েন করে। খবর বিবিসির।
 
যেখানে অ্যাপেক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই ম্যানিলা বে এলাকায় বৃহস্পতিবার সকালে জড়ো হন বিক্ষোভকারীরা। অধিকতর গরিব দেশগুলোর কাছ থেকে সুবিধা নেয়ার অভিযোগ করে বিশ্বায়ন-বিরোধী বিক্ষোভকারীরা  অ্যাপেক ভেঙে দেয়ার আহ্বান জানাতে থাকেন। রেনাতো রেয়েস নামের বিক্ষোভকারীদের একজন নেতা বলেন, ‘অ্যাপেক এবং সাম্রাজ্যবাদী বিশ্বায়ন শুধু ধনী দেশগুলোকে লাভবান করেছে, যখন ফিলিপাইনের মতো উন্নয়শীল দেশগুলোকে  আরো নিঃস্ব করা হচ্ছে।’
 
IMG0
 
বড় বড় প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশগ্রহণকারীরা কড়া রোদের নিচে ‘অ্যাপেক নিপাত যাক, আমেরিকা নিপাত যাক’— অ্যাপেক ও মার্কিন যুক্তরাষ্ট্রবিরোধী এ রকম স্লোগান দিতে থাকেন। কয়েক শ পুলিশ লাঠি, ব্যাটন এবং ঢাল নিয়ে বিক্ষোভকারীদের অ্যাপেক সম্মেলনের ভ্যেনুর কাছে যেতে বাধা দেয়। এছাড়া বিক্ষোভকারীদের সম্মিলিত কণ্ঠস্বর যাতে ঠিকভাবে শোনা না যায় সে কারণে পুলিশ উচ্চস্বরে গান বাজাতে থাকে। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাক্কা-ধাক্কি এবং সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামানসহ ট্রাকগুলো মোতায়েন করা হয়।
 
বাণিজ্য সংক্রান্ত আঞ্চলিক সংস্থা হলেও প্যারিসে সন্ত্রাসী হামলার পরে এবারের অ্যাপেক সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় চীনের তত্পরতার বিষয়টিও আলোচনায় প্রধান্য পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এরই মধ্যে চীনকে বিরোধপূর্ণ এলাকায়  ভূমি পুনরুদ্ধার বন্ধ করার কথা বলেছেন। সমুদ্রসীমা নিয়ে চীনের  প্রতিদ্বন্দ্বী ফিলিপাইনের সাথে একটি প্রতিরক্ষা চুক্তিও সাক্ষর করেছেন তিনি।
 
IMG1
 
ওবামা ছাড়াও অ্যাপেক সম্মেলনে আরো বক্তব্য রাখেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডেওো এবং অ্যাপেকের অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। গত ১৮ ও ১৯ নভেম্বর ম্যানিলার ফিলিপাইন ইন্টান্যাশনাল কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।