সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ রায় প্রকাশ

 
একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজের রায় প্রকাশ করেছে আপিল বিভাগ।
 
রিভিউ খারিজের এক দিনের মধ্যে বৃহস্পতিবার শেষ বিকালে প্রধান বিচারপতিসহ চার বিচারপতির সাক্ষরিত এই রায় প্রকাশ হয়। পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় পুলিশ প্রহরায় বিশেষ বার্তা বাহকের মাধ্যমে রিভিউর রায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়। রাতেই ট্রাইব্যুনাল রায়ের কপি ঢাকার জেলা প্রশাসক ও কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে পাঠাবে বলে জানা গেছে। আইনানুযায়ী, রিভিউর রায় প্রকাশের পর সরকার যে তারিখ ও সময় নির্ধারণ করে দেবে সেই তারিখেই কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।
 
প্রসঙ্গত, ২০১৩ সালের ১ অক্টোবর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয়। ওই বছরের ২৯ অক্টোবর তিনি ট্রাইব্যুনালের রায় বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেন। চলতি বছরের ২৯ জুলাই আপিল বিভাগ সালাউদ্দিন কাদেরের আপিল খারিজ করে দিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির দণ্ড বহাল রাখে। এই রায়ের বিরুদ্ধে তিনি রিভিউ পিটিশন দায়ের করেন।
 
অন্যদিকে ২০১৩ সালের ১৮ জুলাই মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের এ ফাঁসির রায়ের বিরুদ্ধে ওই বছরের ১১ আগষ্ট আপিল করেন তিনি। চলতি বছরের ১৬ জুন বুদ্ধিজীবী হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। তিনিও এই রায়ের বিরুদ্ধে রিভিউ দাখিল করেন।

 

সর্বশেষ আইনি লড়াইয়ে এই দুই নেতার রিভিউ আবেদন গতকাল বুধবার খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। পরদিনই সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ খারিজের রায় লেখা শেষ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। এ রায়টি ১৩ পৃষ্ঠার। আর মুজাহিদের রায় লেখেন আপিল বিভাগের বিচারক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক। মুজাহিদের রায়টি ২৯ পৃষ্ঠার। পরে রায় দুটিতে প্রধান বিচারপতি এসকে সিনহা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক সাক্ষর করেন। সাক্ষর করেই রায় দুটি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেয়া হয়। সেখান থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা রায়টি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।