হামলার হুমকিতে নিউইয়র্কে নিরাপত্তা জোরদার

 
বিশ্বের রাজধানী নিউইয়র্কে এবার হামলার হুমকি দিয়েছে আইএস। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) একটি ভিডিও ফুটেজ থেকে আইএসের এই নতুন ষড়যন্ত্রের আভাস পেয়েছে। এরপরই নিউইয়র্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে নিউইয়র্কের মেয়র মেয়র বিল ডি ব্লাজিও নগরবাসীকে ভীতসন্ত্রস্ত না হওয়ার আহ্বান জানিয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আশ্বস্ত করেছেন।
 
প্যারিসের পর আইএসের টার্গেট ছিল জার্মানির হ্যানোভার। ইউরোপজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু হওয়ায় এবার নিউইয়র্ককে টার্গেট করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে অংশ নিয়েছে, সেসব দেশে নাশকতা চালানো হবে বলে হুমকি দিয়ে আসছে আইএস। ফ্রান্সের রাজধানী প্যারিস ইতিমধ্যেই ভয়াবহ হামলার শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বড় শহরগুলোতে আইএস হামলা চালাতে পারে বলে মার্কিন প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।
 
কথিত ভিডিও বার্তায় দেখা হচ্ছে, জনৈক ব্যক্তি শরীরে আত্মঘাতি বোমা বহন করে নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থান করছে। হাতে রয়েছে একটি সুইচ, যা দিয়ে বিস্ফোরণ ঘটনো হবে। এই ভিডিও বার্তাটি প্রচারের পর নিউইয়র্কের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র টাইমস স্কয়ার ও হেরাল্ড স্কয়ারে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয়েছে পুলিশের কমান্ডো বাহিনীকে। এছাড়া বিকাল থেকে পাতাল রেল ও বাস স্টেশনগুলোতেও পুলিশ মোতায়েন ও নজরদারী বাড়ানো হয়েছে।
 
নিউইয়র্ক পুলিশের ডেপুটি কমিশনার স্টিফেন ডেভিস সাংবাদিকদের জানিয়েছেন, নিউইয়র্কজুড়ে নজরদারি বাড়িয়ে দেয়া হয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য পুলিশ ও গোয়েন্দারা প্রস্তুত রয়েছে।
 
সন্ধায় ম্যানহাটনে এক প্রেস ব্রিফিংয়ে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেন, ভিডিও বার্তায় হুমকির পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এফবিআই ও এনওয়াইপিডি যৌথভাবে কাজ করছে। নিউইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোতে পর্যাপ্ত নজরদারী বাড়ানো হয়েছে।
 
প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার উইলিয়াম জে ব্রাটন বলেন, ভিডিও বার্তাটিতে অনেক পুরনো ফুটেজ রয়েছে। তবুও এই হুমকির পর আমরা সতর্ক রয়েছি। যদিও সবসময় নিউইয়র্ক পুলিশ নগরীর নিরাপত্তায় সজাগ দৃষ্টি রাখছে।
 
এফবিআই সূত্রের খবর, যে ভিডিও ফুটেজের মাধ্যমে আইএস নিউইয়র্ককে তাদের পরবর্তী টার্গেট বলে ঘোষণা করেছে, সেই ফুটেজের কিছু কিছু অংশ পুরনো বা আগে হাতে আসা হুমকি ফুটেজের অংশবিশেষ। তবে এই ফুটেজে নতুন রেকর্ড করা বিষয়বস্তুও রয়েছে। প্যারিসে ভয়াবহ হামলার পর এমন হুমকি ফুটেজকে তাই কিছুতেই হালকাভাবে নেয়া যাচ্ছে না।
 

মঙ্গলবার জঙ্গি হামলার আশঙ্কায় হ্যানোভারে হল্যান্ড-জার্মানি প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করে দেয় জার্মান সরকার। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের উপস্থিত থাকার কথা ছিল ওই ম্যাচে। একাধিক সূত্র থেকে জার্মান গোয়েন্দারা খবর পান, স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটিয়ে মের্কেলকে খুনের ছক কষেছে আইএস। তাই ম্যাচ শুরু দেড় ঘণ্টা আগে তা বাতিল ঘোষণা করা হয়।