সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ রাখার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘নিরাপত্তার কারণে সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে। এ অবস্থার পরিবর্তন হলেই এগুলো উন্মুক্ত করে দেয়া হবে।’ ফেইসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ সরকার বন্ধ করে দেয়ার পরদিন বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ডের রায়ের রিভিউর আবেদন খারিজের পর যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া হয়। এরপর টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন, দেশ ও জাতির ‘নিরাপত্তার স্বার্থে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এই পদক্ষেপের পক্ষে যুক্তি দেখিয়ে বিশ্বের নানা দেশে একই ধরনের পদক্ষেপ নেয়ার নজিরও তুলে ধরেন তিনি বলেন, ‘পৃথিবীর সব দেশেই এ ধরনের ব্যবস্থা নেয়া হয়ে থাকে। আমাদের এখানে তার ব্যতিক্রম নয়।’