লালপুরে সহকারী প্রিজাইডিং অফিসারের কারাদণ্ড, আটক ২

আজ রবিবার ৫ম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এর প্রথম ধাপে লালপুর উপজেলা ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।উপজেলার ৮৪টি ভোট কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। নির্বাচনে অবৈধভাবে প্রভাব বিস্তারের কারণে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয কেন্দ্রে আতিকুর রহমান নামের একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে ৭ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির ভ্রাম্যমাণ আদালত। 

অপরদিকে, করিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুইজন বহিরাগতকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি জানান, আতিকুর রহমান ফুটবল মার্কা প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিলেন। 

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল করিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ২জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উপজেলার ধুপইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা সেখানে ৭ টি বুথে মোট ভোটার সংখ্যা দুই হাজার ৪শ ৫৯ জন। বেলা ১২ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৩২টি ভোট। এর মধ্যে ৭ নম্বর বুথে তখন পর্যন্ত একটি ভোটও পড়েনি। উপজেলার ওয়ালিয়ার ২টি কেন্দ্র, গোপালপুরের ৩টি কেন্দ্র, চংধুপইল, পাইকপাড়াসহ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে প্রায় একই রকম চিত্র চোখে পড়েছে।
 
শুধুমাত্র আব্দুলপুর সরকারি কলেজ কেন্দ্র, গোদাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, শালেম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭/৮শ করে ভোট পড়েছে। তবে স্থানীয়রা দাবি করছেন দিনের দ্বিতীয়ার্ধে ভোটারদের উপস্থিতি বাড়বে।

আরও পড়ুন: ১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার হাসিব বিন শিহাব জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ৯হাজার ৩৬০। এদের মধ্যে পুরুষ ১লাখ ৫হাজার ৫শ ৭২ এবং মহিলা ভোটার ১লাখ ৩ হাজার ৭শ ৮৮। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪টি। এর মধ্যে ৫১টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইত্তেফাক/কেকে