আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী

আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রের মিষ্টি মেয়ে-খ্যাত চিত্রনায়িকা ও সাবেক সংসদ সদস্য সারাহ্ বেগম কবরী। তাকে এ সম্মাননা প্রদান করবে বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি (কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ)। শুক্রবার ‘ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০১৪’-এর আয়োজনটি হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশায়। জমকালো এ অনুষ্ঠানে কবরীকে জানানো হবে আজীবন সম্মাননা।

এ প্রসঙ্গে কবরী বলেন, 'পুরস্কার কিংবা সম্মাননা প্রত্যেকের জন্য অনুপ্রেরণাদায়ক। গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরেও প্রধানমন্ত্রীর হাত থেকে আমি এ সম্মাননা লাভ করেছি। এবার অন্য একটি পুরস্কার আসর থেকে একই সম্মাননা পেয়ে নিজেকে নিয়ে খুব গর্ব হচ্ছে।' তিনি আরো বলেন, 'আমাকে আজীবন সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নেয়ায় কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশকে (সিজেএফবি) ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।'

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। আয়োজক সূত্রে জানা গেছে, এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন জেমস, হাবিব, হৃদয় খান’সহ অনেকে। এছাড়া বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন দেশের জনপ্রিয় তারকারা।