মার্কিন প্রতিনিধি পরিষদে বিল পাস

ইরাক ও সিরীয় শরণার্থীদের ব্যাপারে কড়াকড়ি

 
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ একটি বিল পাস করেছে যাতে সিরীয় ও ইরাকি শরণার্থীদের আশ্রয় দেয়ার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। ২৮৯-১৩৭ ভোটে বিলটি পাস হয়। ভোটে অনেক ডেমোক্রেট হোয়াইট হাউসের বিপক্ষে অবস্থান নেয়। খবর বিবিসির।
 
প্রেসিডেন্ট ওবামা বলেছেন, তিনি বিলটির ওপর ভেটো প্রয়োগ করবেন। তবে প্রেসিডেন্ট ওবামার ডেস্কে আসার আগে বিলটি সিনেটে পাস হতে হবে। প্রেসিডেন্ট ওবামা ভেটো দিলে বিলটি কার্যকর হবে না। প্যারিসে আইএসের হামলায় ১২৯ জন নিহত হওয়ার পরপরই মার্কিন প্রতিনিধি পরিষদে এই বিলটি পাস হলো। প্যারিসে হামলাকারীদের মধ্যে একজন ছিলেন সিরীয় নাগরিক, যে শরণার্থীদের সাথে  গ্রিসের ভেতর দিয়ে ইউরোপে প্রবেশ করেছিল।
 
যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়ার আগে প্রত্যেক শরণার্থীকে এফবিআইর ছাড়পত্র নিতে হবে যে সে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়।
 
নেব্রাসকার ডেমোক্রেট নেতা রেব ব্রাড বলেন, প্যারিস হামলার পর পরিস্থিতি বদলে গেছে। মার্কিন নাগরিকদের উদ্বেগের ব্যাপারে আমি নিশ্চুপ থাকতে পারি না।
 
কেভিন ম্যাক কারথি বলেন, সন্ত্রাসীদের সুযোগ করে দেয়া আমাদের দেশ ও সমাজের মূল্যবোধের বিরোধী। অন্যরা শরণার্থীদের ক্ষতিপূরণ দেয়ার কথা বলেন।
 
তবে নিউইয়র্কের ডেমোক্রেট নেতা রেপ জেরল্ড নাডলার বলেন, সন্ত্রাসবাদকে পরাজিত করার মানে এই নয় যে, যারা সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের পথ রুদ্ধ করে দেয়া।  ২০০১ সাল থেকে এপর্যন্ত ২ হাজার ১৭৪ জন সিরীয় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর লাখ লাখ শরণার্থী ইউরোপে অভিবাসনের জন্য ছুটে গেছে। গত সেপ্টেম্বেরে ওবামা ঘোষণা দিয়েছিলেন আগামী এক বছরে ১০ হাজার সিরীয় শরণার্থীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়া হবে।