হামলার হুমকিতে বুলগেরিয়ায় বিমানের জরুরি অবতরণ

 
বোমা বিস্ফোরণের হুমকির প্রেক্ষিতে বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে মিসরের পর্যটনকেন্দ্র হারঘাদাগামী একটি যাত্রীবাহী বিমান। বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলীয় বুরগাস শহরের বিমানবন্দরে ১৬১ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করে বিমানটি। খবর বিবিসি ও রয়টার্সের।
 
অবতরণের পরপরই বিমানটির সব যাত্রী ও ক্রুকে সরিয়ে নেয়া হয়। তবে বিমানে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন বুরগাস বিমানবন্দরের এক মুখপাত্র। বর্তমানে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রয়েছে বলেও জানান তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পৌনে ছয়টার দিকে বুরগাসে অবতরণ করে ফ্লাইট এলএলপি৮০১৫।
 
পোল্যান্ডের ওয়ারশ থেকে হারঘাদা যাচ্ছিল বিমানটি। পোল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা এলওটির মুখপাত্র জানান, চার্টার করা বিমানটি পর্যটকদের নিয়ে মিসরে যাচ্ছিলো। কায়রোগামী বুলগেরিয়ার বিমানটি কোনো এয়ারলাইন্সের অন্তর্ভূক্ত নয় বলে তিনি জানান।
 
এ দিকে, স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিমানের এক যাত্রী-ক্রুদের কাছে বিমানটিতে বোমা থাকার কথা বলেছিলেন। পরে জানা গেছে, অতিরিক্ত মদ্যপানের কারণেই তিনি এ কথা বলেছিলেন।
 
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর মিশরের লোহিত সাগরের উপকূলে অবস্থিত পর্যটন কেন্দ্র শার্ম আল শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গগামী একটি বিমান সিনাইয়ে বিধ্বস্ত হয়। এতে বিমানটির ২২৪ আরোহীর সবাই মারা যায়। বোমা বিস্ফোরণেই বিমানটি বিধ্বস্ত হয়েছিল বলে ধারণা করছেন তদন্তকারীরা।