ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে দুটি সেনা অবস্থানে আল কায়েদা জঙ্গিদের হামলায় ১৫ সৈন্য ও ১৯ জিহাদি নিহত হয়েছে।
শুক্রবার ভোরে আল কায়েদার নিয়ন্ত্রণে থাকা হাদরামাত প্রদেশের শিবাম শহরের কাছে সেনা অবস্থান লক্ষ্য করে হামলার ঘটনাটি ঘটে। জঙ্গিরা প্রাদেশিক রাজধানী মুকাল্লা নিয়ন্ত্রণ করলেও গত কয়েক মাসের মধ্যে এটিই তাদের প্রথম হামলা।
স্থানীয় কর্মকর্তারা জানান, সেনা টহল দল লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণ ও একটি আবাসিক এলাকার কাছে সেনা ঘাঁটি লক্ষ্য করে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানোর পর উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই চলে।
নিহত সৈন্য ও জিহাদিদের লাশ পার্শ্ববর্তী সেইউন শহরে আনা হয়েছে। মেডিকেল সূত্র জানায়, বিস্ফোরণে অনেক বাড়িঘরের ক্ষতি এবং বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
সরকারের অনুগত হাদরামাতের মোতায়েন সেনা ইউনিট শিয়া হুতি বিদ্রোহীদের মোকাবেলা করছে। ইয়েমেনের উত্তর ও দক্ষিণাঞ্চলে হুতি বিদ্রোহীদের অগ্রযাত্রার সুযোগে আল কায়েদা গত এপ্রিলে বন্দর নগরী মুকাল্লা দখল করে নেয়। সূত্র: এএফপি