হত্যা মামলায় স্টার ইন্ডিয়ার পিটার মুখার্জী গ্রেফতার

 
ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল স্টার ইন্ডিয়ার সাবেক প্রধান নির্বাহী (সিইও) পিটার মুখার্জীকে চাঞ্চল্যকর শিনা বোরা হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। 
 
ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির অন্যতম শীর্ষ এই গণমাধ্যম ব্যক্তিত্বকে গ্রেফতার করে। তার স্ত্রী ইন্দ্রাণী মুখার্জীর বিরুদ্ধে নিজ শিনাকে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে।
 
গত ২৬ আগস্ট শিনাকে হত্যার অভিযোগে গ্রেফতার হন ইন্দ্রাণী মুখার্জী। তার সঙ্গে তার গাড়ি চালক শ্যাম রাই ও সাবেক স্বামী সঞ্জীব খান্নার বিরুদ্ধেও শিনাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ আনা হয়েছে।

শিনাকে ২০১২ সালের এপ্রিলে হত্যা করে লাশ পুড়িয়ে একটি বনে ফেলে দেয়া হয়েছিল। বৃহস্পতিবার গ্রেফতার হওয়া ইন্দ্রাণীর স্বামী পিটারের বিরুদ্ধে প্রাথমিকভাবে হত্যার ষড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাট, তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। শিনা খুনের সঙ্গে তিনি নিজে পরোক্ষ ভাবে জড়িত বলেও গোয়েন্দাদের সন্দেহ।
 
সিবিআই কর্মকর্তা অনিল সিনহা একটি চ্যানেলকে বলেন, ‘পিটার অনেক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। অনেক প্রশ্নের উত্তর এখনো দেননি। তাই তাকে পুলিশি হেফাজতে নেয়াটা জরুরি।’
 
অভিযোগ রয়েছে, শিনাকে গাড়ির মধ্যে শ্বাসরোধ করে মেরে জঙ্গলে পুড়িয়ে দেন মা ইন্দ্রাণী। এ কাজে তাকে সাহায্য করেন তার গাড়ি চালক শ্যাম এবং সাবেক স্বামী সঞ্জীব। শিনা এবং তার ভাই মিখাইল ইন্দ্রাণীর আগের প্রেমিক সিদ্ধার্থ দাসের সন্তান। যদিও পিটারকে বিয়ে করার পর থেকে ইন্দ্রাণী তার সন্তান মিখাইল আর শিনাকে সমাজের কাছে নিজের ভাই-বোন বলে পরিচয় দিয়ে আসছিলেন। সূত্র: এএফপি