তামাকের ভয়াবহ ক্ষতির বিষয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করতে ফেসবুক, টুইটার ও নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বার্তা প্রচার করছে ‘স্টপ টোব্যাকো বাংলাদেশ’। পাশাপাশি এই ভয়ঙ্কর বিষের আগ্রাসন রোধে তামাকবিরোধী আইনের কঠোর প্রয়োগ এবং কার্যকর নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ ও সম্পৃক্ত করার উদ্যোগ নিচ্ছে।
এরই ধারাবাহিকতায় তামাকের ক্ষতি মানুষের মাঝে ছড়িয়ে দিতে রবিবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে আলোচনার আয়োজন করে ‘স্টপ টোব্যাকো বাংলাদেশ’। ‘তামাকে আর খাবে না আমাকে’শিরোনামে এই আয়োজন করা হয়। ভাইটাল স্ট্রাটেজিসের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাযুকা কমিউনিকেশন্স।
ফেসবুক পেজের ফলোয়ারদের পাঠানো তামাকজনিত রোগ-দুর্ভোগের বাস্তব কথা নিয়ে লেখা ও চিত্রপ্রদর্শনী শুরু হয় বেলা ১২টায়। সত্য ঘটনাগুলো জেনে ও ছবি দেখে উপস্থিত দর্শকদের অনেকেই আর কখনও তামাক না ছোঁয়ার সিদ্ধান্তের কথা জানায়।
আলোচনা করছেন অতিথিরা। ছবি: সংগৃহীত
আয়োজনের দ্বিতীয় পর্বে দর্শকদের অংশগ্রহণে মইলুডু গেমের আয়োজন করা হয়। এই খেলায় অংশ নেওয়া ও গ্যালারিতে বসে তা দেখার মাধ্যমে উপস্থিত সবাই বুঝতে পারেন তামাক কীভাবে জীবনের প্রতিটি পদে বিপদজনক ফাঁদ পেতে রেখেছে। আয়োজনের তৃতীয় পর্বে ছিল ফেসবুক পেজে মন্তব্যকারী ও উপস্থিত দর্শকদের তামাক বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর ও উন্মুক্ত আলোচনা।
আরো পড়ুন: যৌনপল্লি থেকে বিচারকের আসনে
স্টপ টোব্যাকো বাংলাদেশ পেজের মুখপাত্র শেখ নাসির উদ্দিনের সঞ্চালনায় এই প্রশ্নোত্তর ও আলোচনাপর্বে অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির যুগ্ম মহাসচিব ড. গোলাম মুহিউদ্দীন ফারুক, ডাব্লিউএইচওর ন্যাশনাল প্রফেশনাল অফিসার ড. সৈয়দ মাহফুজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডা. রুমানা হক, দি ইউনিয়নের টেকনিক্যাল কনসালট্যান্ট অ্যাড. সৈয়দ মাহবুবুল আলম তাহিন। এই পর্বের সভাপতিত্ব করেন ভাইটাল স্ট্রাটেজিস বাংলাদেশের হেড অব প্রোগ্রামস শফিকুল ইসলাম।
ইত্তেফাক/জেডএইচ