আইএস দমনে জাতিসংঘের সম্মতি

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দমনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সম্মতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। বিশ্বশক্তিগুলোকে এক হতে ফ্রান্সের দেওয়া প্রস্তাব শুক্রবার অনুমোদন করেছে নিরাপত্তা পরিষদ। 
 
গত সপ্তাহে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ফ্রান্স এই প্রস্তাব দেয়। এতে জঙ্গি আইএসের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণার’ আহ্বান জানায় দেশটি।
 
বিবিসির খবরে বলা হয়, প্যারিসে হামলার পর সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বেলজিয়াম। যেকোনো সময় আইএসের হামলার আশঙ্কায় আছে দেশটি। এমন পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য রাষ্ট্র ফ্রান্স প্রস্তাবটি আনে। এতে সম্মতি দেয় বাকি রাষ্ট্রগুলো।
 
শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে একই সময়ে হামলায় ১২৯ জন নিহত হয়। এ হামলার দায় স্বীকার করে আইএস।
 
চলতি মাসে লেবাননে হামলার এবং অক্টোবরে রাশিয়ার যাত্রীবাহী বিমান ধ্বংসের ঘটনারও দায় স্বীকার করে আইএস। এমন এক সময়ে আইএসের নিশ্চিহ্নে প্রস্তাব আনা হলো জাতিসংঘে।
 
ওই প্রস্তাবে তিউনিসিয়ার সুসে এবং তুরস্কের আঙ্কারায় সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়।
 
নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবে সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে বলা হয়, ‘সন্ত্রাসী হামলা প্রতিরোধ এবং দমনে প্রচেষ্টা দ্বিগুণ’করা দরকার।