নিউজিল্যান্ডে হিমবাহে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

নিউজিল্যান্ডে হিমবাহের ফাটলে হেলিকপ্টার বিধ্বস্ত হলে সাত জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে পাইলটসহ ছয়জন পর্যটক রয়েছে।
 
শনিবার খারাপ আবহাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। সূত্র মতে, নিউজিল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফক্স গ্লেসিয়ারে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ সময়ে সেখানে ঝড়ো বাতাসসহ বৃষ্টি হচ্ছিল।
 
IMG0
 
পুলিশ ইন্সপেক্টর জন ক্যানিং সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছেছে। সেখানে কেউ বেঁচে নেই। উদ্ধারকারী দল লাশ উদ্ধারের চেষ্টা করছে। তবে বৈরি আবহাওয়ার কারণে তা বাধাপ্রাপ্ত হচ্ছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। বাসস।