ইরাকে ইসলামিক স্টেটসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলায় এক শিশু সহ চার বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র । গত মার্চে চালানো সেই হামলার তদন্ত শেষে মার্কিন সেনাবাহিনী এই কথা জানিয়েছে।
তদন্তকারীরা জানিয়েছে, মার্কিন বাহিনী সঠিক লক্ষ্যেই হামলা চালিয়ে ছিল এবং ওই হামলায় কোনো আন্তর্জাতিক আইন ভঙ্গ হয়নি। সিরিয়া ও ইরাকে আইএস বিরোধী অভিযানে বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা খুব কমই স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ছয় জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র প্যাট্রিক রাইডার বলেন, বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছিল। বিমানের ক্রুরা জানতেন না যে ওইসময়ে বেসামরিক নাগরিকরা বের হয়ে এসেছিলেন।
ওই হামলার পরে একজন নারী মার্কিন বাহিনীকে জানায়, দুই জন নারী ও তিন শিশু নিহত হয়েছে। মার্কিন বাহিনী চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে যার মধ্যে একজন শিশু রয়েছে বলে মনে করছে তারা। সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড একটি বিবৃতিতে এই ঘটনার জন্য অনুশোচনা প্রকাশ করেছে। এর আগে গত মে মাসে জানিয়ে ছিল ২০১৪ সালের নভেম্বরে সিরিয়ায় হামলায় দুই শিশু নিহত হয়েছিল। আরো বেশ কয়েকটি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা তদন্ত করছে দেশটির সেনাবাহিনী। রয়টার্স।