সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের পরিবারের কারাগার ত্যাগ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের সঙ্গে দেখা করেছেন তাদের পরিবারের সদস্যরা। এরই মধ্যে মুজাহিদের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করে কারাগার ত্যাগ করেছেন।
 
শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুই পরিবারকে কারা কর্তৃপক্ষ কারাগারে আসার আহ্বান জানায়। এর আগে বিএনপি ও জামায়াত নেতা প্রাণভিক্ষা চেয়ে যে আবেদন করেছিলেন, তা নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর রাত ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এখন ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই।  
 
কারা কর্তৃপক্ষ ডাকার পর সালাউদ্দিন কাদেরের পরিবারের সদস্যরা রাত ৯টায় কয়েকটি গাড়িতে করে কারা ফটকে পৌঁছান। স্ত্রী, দুই ছেলে, মেয়েসহ পরিবারের প্রায় তিন ডজন সদস্য ঢোকেন কারাগারের ভেতরে।  
 
পৌনে ১১টার দিকে দেখা করে বেরিয়ে আসার পর সাংবাদিকরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদনের বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, 'বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি মার্সি পিটিশন করেছে? তিনি বলেছেন, 'এরকম বাজে কথা কে বলেছে?'
 
"তখন আমি তাকে বলি, সরকার থেকে এটা বলা হয়েছে, জেল গেইট থেকেও কাগজ গেছে। শুনে তিনি বলেন, 'তোমরা দেখ, এই সরকারের আমলে কত ধরণের কাগজই না বের হবে।'
 
বেলা আড়াইটায় আইনমন্ত্রী আনিসুল হক বলার আগ পর্যন্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
 
মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুরসহ ২৫ জন ভেতরে ঢুকেছেন। ঢোকার সময় সাংবাদিকদের কিছু বলেননি তাদের কেউ। বিডি নিউজ।