সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা মামলায় সাত বছর সাজাপ্রাপ্ত আসামি শামীম আহমদকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে তিনি আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের পিপি মফুর আলী বলেন, আদালতে আত্মসমর্পণের পর শামীমের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রাজন হত্যা মামলার রায়ে শামীম আহমদকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়। শামীম এই মামলার প্রধান আসামি কামরুল ইসলামের ছোট ভাই। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গত ৮ নভেম্বর রাজন হত্যা মামলায় রায় আদালত। রায়ে কামরুলসহ চার জনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া তিনজনকে খালাস দেয়া হয়। এখনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকির হোসেন পাভেল পলাতক রয়েছেন।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।