প্রাণভিক্ষা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে দুই পরিবার : আইনমন্ত্রী

 
সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদ মৃত্যুদণ্ড মওকুফ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও তা নিয়ে তাদের পরিবার বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই- উনারা (সালাউদ্দিন কাদের ও মুজাহিদ) যে দরখাস্ত করেছিলেন, তা সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতা ব্যবহারের জন্য।’
 
তাদের সঙ্গে শেষ দেখা করে এসে দুজনের ছেলেই দাবি করেন, তাদের বাবা ক্ষমা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেননি।
 
আইনমন্ত্রী বলেন, ‘যদি কোনো আবেদনের উপরে লেখা থাকে সংবিধানের অনুচ্ছেদ ৪৯ প্রসঙ্গে, তাহলে কি সেটা মাফ চাওয়ার দরখাস্ত হয় না? সেটা আপনারা (সাংবাদিক) বিচার করেন।’
 
এর আগে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল মুজাহিদের দল জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানের। তারা দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি।
 

আইনমন্ত্রী বলেন, ‘সরকারের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করা। ক্ষমা না চাইলেও কিন্তু রায় কার্যকর করতে পারতাম। এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে অবান্তর, একটা ইস্যু সৃষ্টি করা।’