মির্জাপুরে বাসে আগুন, বেঁচে গেলো ৪০ বরযাত্রী

৪০ জন বরযাত্রী বাহী একটি বাস আগুন ধরে পুড়ে গেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ৪০ জন বরযাত্রী। রবিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই (হাটুভাঙ্গা বাস স্টেশন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার পুলিশ সুত্র জানায়, সাভার উপজেলার মধ্যপাড়া গ্রামের বিপদ চন্দ্র সাহার মেয়ের বিয়ের বৌভাতের অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠানে ৪০ জন বরযাত্রী নিয়ে ঠিকানা পরিবহনের একটি বাস টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর গ্রামে যাচ্ছিলো। বাসটি গোড়াই হাটুভাঙ্গা বাসস্টপেজে আসামাত্র ইঞ্জিন গরম হয়ে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন বাসে ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় মির্জাপুর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। বাসটি পুড়ে ছাই হয়ে গেলেও কোন বরযাত্রী হতাহত হননি।

আরও পড়ুনঃ ভোটকেন্দ্রে আনসার সদস্যের গুলিতে পুলিশ সদস্য আহত

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. আরিফুর রহমান বলেন, ‘বরযাত্রীবাহী বাসটি ইঞ্জিনে ওভারহিট হওয়ায় বাসটিতে আগুন লাগে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসের ৪০ জন বরযাাত্রী।’

ইত্তেফাক/নূহু