ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি নিরাপত্তা বাহিনী দুই জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। গত দুই মাস ধরে ওই এলাকায় চলা সহিংসতায় এখন পর্যন্ত ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে, পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনি নাগরিক গাড়ি ও ছুরি নিয়ে ইসরাইলিদের ওপর হামলার চেষ্টা করে। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীরা নিহত হন। তবে তাদের ছুরিকাঘাতে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রবিবারের প্রথম ঘটনায় এক ফিলিস্তিনি নারী একজন ইসরাইলিকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। এসময় সেনাদের গুলিতে তিনি নিহত হন। ইসরাইলি সেনারা এক বার্তায় জানিয়েছে, নাবলুসের দক্ষিণে একটি জংশনে প্রথম ঘটনাটি ঘটে। বসতি স্থাপনকারী এক ইসরাইলি ইহুদি জানিয়েছে, সৈন্যরা গুলি করার আগে তিনি ওই নারীকে গাড়ি দিয়ে আঘাত করেছিলেন।
আর দ্বিতীয় ঘটনায়, একজন ফিলিস্তিনি ট্যাক্সি নিয়ে লোকজনকে চাপা দেয়ার চেষ্টা করার পর ছুরিকাঘাতের চেষ্টা চালান। এসময় তাকে গুলি করে হত্যা করে সেনারা।
শনিবার রাতেও চার ইসরাইলিকে ছুরিকাঘাতের অভিযোগে এক ফিলিস্তিনি নাগরিককে আটক করেছিল দেশটির নিরাপত্তা বাহিনী।