মানবাতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে পাকিস্তান উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করার পর ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার সুজা আলমকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে আগামীকাল সোমবার দুপুরে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. মিজানুর রহমানের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। কূটনৈতিক সূত্রে এখবর নিশ্চিত হওয়া গেছে।
সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে 'উদ্বেগ ও ক্ষোভ' প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে ফাঁসি কার্যকর করাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলা হয়, 'আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে বিষয়টি লক্ষ্য করেছি... উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান গভীরভাবে মর্মাহত।' এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে হাইকমিশনার সুজা আলমের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দেয়া হবে।