পূর্ব শত্রুতার জের ধরে নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপির সদস্য গোলাম নবী মোল্লাকে (৬০) কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। রবিবার দুপুর একটার দিকে পৌরসভার মির্জাপুর গ্রামের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত গোলাম নবী মোল্লা উপজেলার জোকা গ্রামের মৃত ওয়াদুদ মোল্লার ছেলে।
আরো পড়ুন: ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহী নিহত
জানা গেছে, কালিয়া উপজেলার জোকা গ্রামের রসুল কাজীর সঙ্গে গোলাম নবী মোল্লার গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও মামলা মকদ্দমা চলে আসছে। গোলাম নবী কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম সম্পাদক এবং সালামাবাদ ইউপির সাবেক সদস্য ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ৩ বছর পূর্বে গোলাম নবী মোল্লাকে কুপিয়ে তার দু’পায়ের রক কর্তন করে দিয়েছিল। এখনও তিনি স্বাভাবিকভাবে চলা ফেরা করতে পারেন না। তারপরও রবিবার দুপুরে ইজিবাইক থেকে নামিয়ে ৮-১০ জন প্রতিপক্ষ পৌরসভার মির্জাপুর গ্রামের বটতলা নামক স্থানে তাকে কুপিয়ে পুনরায় দু’পায়ের গোড়ালীর রগ কেটে দিয়েছে। এছাড়া তার হাত ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন: যৌনপল্লি থেকে বিচারকের আসনে
গোলাম নবী মোল্লার ছেলে বুলু মিয়া জানান, ‘রবিবার দুপুরে মির্জাপুর গ্রামের বটতলা নামক স্থানে আমার বাবার ওপর হামলা করে প্রতিপক্ষরা। এ সময় তারা ধারালো অস্ত্রের কোপে বাবার বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেয়।তার অবস্থা আশঙ্কাজনক।’
কালিয়া থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। পুলিশ সতর্ক আছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/বিএএফ