আবুধাবি সফরে কেরি

 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার আবুধাবি পৌঁছেছেন। সিরিয়া সরকারের সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে কথা বলতে একটি বিরোধী জোট গঠন প্রচেষ্টা নিয়ে তিনি আমিরাতের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন।
 
মার্কিন কর্মকর্তারা বলছেন, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়িদ আল নাহিয়ানের সঙ্গে কেরির বৈঠকের কথা রয়েছে। এছাড়া তিনি সৌদি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন বলেও আশা করা হচ্ছে।
 
মার্কিন এই দূত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সাথে বিরোধী ও বিভিন্ন বিদ্রোহী গ্রুপগুলোকে এক টেবিলে বসিয়ে দেশটির সাড়ে চার বছরের গৃহযুদ্ধ অবসানের আন্তর্জাতিক উদ্যোগকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন।
 
আবুধাবিতে একদিনের যাত্রাবিরতি শেষে কেরি মঙ্গলবার ইসরাইল ফিলিস্তিন সহিংসতা বন্ধের লক্ষ্যে তেলআবিব যাবেন। খবর: এএফপি।