পাকিস্তানকে কড়া প্রতিবাদ বাংলাদেশের

 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হাজির হয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম। সোমবার দুপুরে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. মিজানুর রহমানের সঙ্গে দেখা করেছেন।
 
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি নিয়ে পাকিস্তান সরকারের প্রতিক্রিয়ার প্রতিবাদে হাইকমিশনারকে তলব করা হয়েছে। রবিবার তাঁকে তলব করা হয়। সুজা আলমের সঙ্গে সাক্ষাতের পর মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‌‘আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি।'
 
রায় কার্যকর করার পর রবিবার এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ওই উদ্বেগ প্রকাশ করা হয়।
 

বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মুজাহিদের দুর্ভাগ্যজনক মৃত্যুদণ্ডের ঘটনা লক্ষ করেছি। ঘটনায় আমরা গভীরভাবে অসন্তুষ্ট।’